চুয়াডাঙ্গায় জামায়াত কর্মী হাফিজুর রহমান নিহত হওয়ার ঘটনায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির অভিযোগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর নেতাকর্মীদের হামলায় এই মৃত্যু ঘটে।


রোববার (১ মার্চ) রাজধানীর দুই স্থানে বিক্ষোভ সমাবেশ করবে জামায়াত। বায়তুল মোকাররমের উত্তর গেটে বিকেল ৩টায় এবং রাজধানীর মহাখালী রেলগেট এলাকায় দুপুর পৌনে ২টায় সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। কর্মসূচির বিষয়টি ঢাকা মহানগরী দক্ষিণ ও উত্তর শাখার প্রচার বিভাগ থেকে নিশ্চিত করা হয়েছে।


এদিকে, হাফিজুর রহমানের মৃত্যু এবং একাধিক নেতাকর্মীর আহত হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে জামায়াত। দলটি এক বিবৃতিতে বলেছে, নির্বাচন-পরবর্তী প্রতিহিংসার রাজনীতি থেকে এ ধরনের সহিংস হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রাজনৈতিক মতভেদকে কেন্দ্র করে নিরস্ত্র মানুষের ওপর হামলা মানবাধিকার, আইনের শাসন ও ন্যায়বিচারের পরিপন্থী।


বিবৃতিতে নিহত হাফিজুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।


জামায়াত সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, ঘটনার প্রকৃত অপরাধীদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় ন্যায়বিচারের প্রত্যাশা ক্ষতিগ্রস্ত হবে বলে দলটি সতর্ক করেছে।